S
G
Guest Login for better experience
Login
Register

শব্দ শ্রেণি (পদ)

Lesson 1
শব্দ শ্রেণি বা পদ

শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মূলত আটটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো:

১. বিশেষ্য (Noun) যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন: নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকারের হয়ে থাকে:

  • নাম-বিশেষ্য: সুনির্দিষ্ট নাম (যেমন: ঢাকা, সোমবার, গীতাঞ্জলি)।

  • জাতি-বিশেষ্য: সাধারণ নাম (যেমন: মানুষ, নদী, পর্বত)।

  • বস্তু-বিশেষ্য: দ্রব্যের নাম (যেমন: ইট, লবণ, বই)।

  • সমষ্টি-বিশেষ্য: সমষ্টিবাচক নাম (যেমন: জনতা, পরিবার, ঝাঁক)।

  • গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা বা ধারণার নাম (যেমন: সরলতা, আনন্দ, ধৈর্য)।

  • ক্রিয়া-বিশেষ্য: কোনো কাজের নাম (যেমন: পঠন, ভোজন, শয়ন)।

২. সর্বনাম (Pronoun) বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন: আমি, তুমি, সে, তারা, কেউ, যারা-তারা ইত্যাদি।

৩. বিশেষণ (Adjective) যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। যেমন: সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা, তাজা মাছ ইত্যাদি। এটি অবস্থাবাচক (চলন্ত ট্রেন), গুণবাচক (চালাক ছেলে), নির্দিষ্টতাবাচক (এই দিনে) ইত্যাদি নানা প্রকার হতে পারে।

৪. ক্রিয়া (Verb) বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়া বলে। যেমন: রাজীব খেলছে, বৃষ্টি হতে পারে

৫. ক্রিয়াবিশেষণ (Adverb) যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। যেমন: ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে। এটি ক্রিয়া সম্পাদনের কাল, ধরন, স্থান ইত্যাদি নির্দেশ করে।

৬. অনুসর্গ (Postposition) যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন: সে কাজ ছাড়া কিছুই বোঝে না; কোন পর্যন্ত পড়েছ। (উদাহরণ: থেকে, ধরে, দিয়ে, বরাবর, বনাম ইত্যাদি)।

৭. যোজক (Conjunction) পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। যেমন: এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি।

৮. আবেগ (Interjection) মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। এগুলো বাক্যের অন্য শব্দের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন: ছি ছি, আহা, বাহ্, শাবাশ ইত্যাদি।


শব্দ শ্রেণি (পদ)