১৯৭১
হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার ও টিভি-নাট্যকার। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর তিনি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে বিএসসি (অনার্স) ও এমএসসি এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ১৯৯৬ সালে অধ্যাপনা থেকে অবসর নিয়ে সার্বক্ষণিক সাহিত্যচর্চা ও নির্মাণে মনোনিবেশ করেন।
বড় উপন্যাস বেশ কয়েকটি লিখলেও তাঁর সাফল্য ও প্রসিদ্ধি এসেছে মূলত ছোট আকারের উপন্যাস বা নভেলায়। এ ধরনের রচনার মধ্যে 'নন্দিত নরকে', 'শঙ্খনীল কারাগার', '১৯৭১', 'আগুনের পরশমণি', 'শ্যামল ছায়া' ইত্যাদি উল্লেখযোগ্য। অসাধারণ সৃষ্টিশীলতার সাথে দেশ ও মানুষের প্রতি নিঃশর্ত অঙ্গীকার এবং এক উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাঁর সাফল্যের ভিত্তি। ২০১২ সালের ১৯শে জুলাই গুণী এই লেখক মৃত্যুবরণ করেন।